বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, নির্বাচনে বাংলাদেশ ৩০–২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে।
প্রতিযোগিতার প্রাথমিক ধাপে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রার্থী ছিল, তবে শেষ পর্যন্ত তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনের সমাপ্তি নির্ধারিত হয়েছে ১৩ নভেম্বর।
বাংলাদেশের জন্য এটি এক বিরল কূটনৈতিক অর্জন ও সাংস্কৃতিক মর্যাদার স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি–বিষয়ক বৈশ্বিক নীতিনির্ধারণে ইউনেস্কোর সাধারণ সম্মেলন অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই এর সভাপতির দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক বড় সম্মান ও সাফল্যের প্রতীক।





