জান্তাশাসিত মিয়ানমারে জাতীয় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সামরিক বাহিনী ২০২১ সালে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর এই প্রথম দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, আজ থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে ভোটগ্রহণ চলবে। রোববার প্রথম ধাপে রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। জাতীয় পার্লামেন্টের পাশাপাশি প্রাদেশিক আইনসভার নির্বাচনও একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
তবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল ও প্রদেশগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না।
এর আগে মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল বিজয় অর্জন করে।
তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর অং সান সু চিসহ এনএলডির শীর্ষ নেতা, এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়। তারা এখনো কারাবন্দি রয়েছেন।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না এনএলডি। একই সঙ্গে ২০২০ সালের নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলও এই নির্বাচন বর্জন করেছে।





