আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে। কারা বই ছাপানোর দায়িত্ব পাবে, তা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান, গত বছর বই মুদ্রণে যেসব প্রতিষ্ঠান অনিয়মে জড়িত ছিল, এবার তাদেরকে বই ছাপার দায়িত্ব দেওয়া হবে না। সরকারের লক্ষ্য—নির্ভরযোগ্য প্রকাশকদের মাধ্যমে সময়মতো মানসম্মত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া।





