বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই বিএনপি করি এবং শান্তিতে বিশ্বাস করি। সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। আমাদের কাছে জাত-পাত বা ধর্ম মুখ্য নয়, মুখ্য হলো বাংলাদেশের মানুষ। মানুষের প্রতি সমান মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করতে পারলে দেশের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।
তিনি বলেন, সিরাজগঞ্জে ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সারাজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন মেরি নামে একজন। এমন হাজারো মানুষ রয়েছে, যারা গত ১৬–১৭ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যারা ৫ আগস্ট রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার ও ভোটাধিকারের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে এই মানুষগুলো নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি বহু মানুষ জীবন উৎসর্গ করেছে।
তারেক রহমান বলেন, এই আত্মত্যাগের মূল্য দিতে হলে শুধু মিটিং করলেই হবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষগুলোর অধিকার ফিরিয়ে আনতে হলে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা অত্যাবশ্যক।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল ৩টা ৩৫ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রিয় নেতার আগমনে মুহূর্তেই করতালি ও স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। ১৯ বছরেরও বেশি সময় পর সিরাজগঞ্জে আগমনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শনিবার সকাল ১০টা থেকেই জনসভাস্থলে মিছিল আনা শুরু হয়। দুপুরের মধ্যে বিসিক শিল্পপার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং ধানের শীষের স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। বিকাল পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী জনসভা শুরু হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ ছাড়াও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, পাবনা-৫ আসনের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এমএ মুহিত, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব ও পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন প্রমুখ।
প্রসঙ্গত, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জে এসেছিলেন। তিনি ২৪ ডিসেম্বর কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।





