জুলাইয়ের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে জাতীয় স্বার্থে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবেই। কিন্তু এই ভিন্নতা নিয়েই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিবাদ, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে।”


ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে বলেন, “দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।”



তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি, ঠিক সেইভাবেই ধৈর্য অব্যাহত রাখতে হবে। কোনো প্রকার উসকানিতে পা দেওয়া যাবে না এবং জাতীয় স্বার্থবিরোধী শক্তির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”


জামায়াত আমির আরও বলেন, “ছাত্র, শ্রমিক ও সর্বস্তরের জনতার ঐক্য অটুট থাকুক—এই ঐক্যই আগামী প্রজন্মের জন্য একটি আশার বাংলাদেশ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।”