বৃহস্পতিবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। রাষ্ট্রপক্ষের শুনানি আজ শেষ হয়।

এদিন অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল রাখা উচিত নয়। তিনি উল্লেখ করেন, রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।

এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন সর্বোচ্চ আদালত মঞ্জুর করেন এবং আপিলের অনুমতি দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেছেন, ওই রায় ছিল একটি দলের সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে।