বরগুনা প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল সেডে বরগুনা জেলা পুলিশ এবং অনান্য ইউনিট থেকে আগত সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন,
“নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি নির্বাচন-পূর্ব সময়ে থানা পর্যায়ে অতিরিক্ত ব্রিফিংয়ের মাধ্যমে সদস্যদের আরও প্রস্তুত করা হবে।
নির্বাচন চলাকালে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এসময় সকলকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিংয়ের শেষাংশে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব।\"
উক্ত ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মুকিত হাসান খাঁন অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা; জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);এছাড়াও বরগুনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।