জাতীয় ফুল শাপলাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া অনুচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাছির বলেন, “বাংলাদেশের জাতীয় প্রতীকের একটি গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান অংশ হলো শাপলা ফুল। এটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা হলে জাতীয় প্রতীকের অপব্যবহার ও জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।”
তিনি আরও বলেন, “গতকাল একটি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে গিয়ে শাপলাকে প্রতীক হিসেবে দাবি করেছে। এই দাবি গ্রহণ করা হলে তা সাধারণ মানুষের, বিশেষ করে নিরক্ষরদের জন্য বিভ্রান্তিকর হবে—কারণ ধানের শীষ ও শাপলার মধ্যে দৃশ্যত সাদৃশ্য রয়েছে।”
নাছির উদ্দীন নতুন দলটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত দেখিনি তারা ঢাকার বাইরে কোনো বড় সভা করেছে। অথচ আমাদের তিতুমীর কলেজের এই কর্মসূচিতেই তাদের পুরো জনসভার চেয়ে বেশি লোক হয়েছে বলে মনে হয়।”
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এর আগে অনেক রাজনৈতিক দল শাপলা প্রতীক চাইলেও পায়নি। তাই এই নতুন দলকে অগ্রাধিকার দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হলে তা অন্যায় হবে। বরং পূর্বের আবেদনকারীদের গুরুত্ব দিয়ে কমিশনকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
ছাত্রদলের এ নেতা প্রতীক বরাদ্দে জাতীয় ভাবমূর্তি ও জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।





