জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি বাস্তবায়ন, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারী শক্তির সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। তিন দিনের অভিন্ন কর্মসূচি তারা পৃথকভাবে পালন করবে। অংশগ্রহণকারী অন্যান্য দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা।





