ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানার পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের প্রতি সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা। রোববার রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশনের গৃহীত প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে কূটনীতিকদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। এ সময় তারা কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আস্থা জানান।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন পরিকল্পনাও কূটনীতিকদের অবহিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার মোতায়েন থাকবে বলে কমিশন জানিয়েছে।
তিনি আরও বলেন, কমিশনের উদ্দেশ্য একেবারেই স্বচ্ছ এবং লক্ষ্য একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন—এ বিষয়টি কূটনীতিকরা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভবিষ্যতেও তারা নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
সকালে দ্য ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচন কমিশনাররা, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়।





