আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান ও নৌবাহিনীও মাঠে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবেন।”

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “মিয়ানমারে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থাকলেও তা জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পুলিশ বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার সদস্যদের নির্বাচন পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।