আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে (১৩৮৩ বঙ্গাব্দ) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি।
কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন—তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, গায়ক ও চলচ্চিত্রকার। তাঁর অনন্য সৃষ্টি রাগ-রাগিণী ও গান বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছে, আর সাহিত্যে তিনি এনেছেন দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার বাণী।
কবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি চ্যানেল এ উপলক্ষে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান।
নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুনের সন্তান নজরুল জীবনের শুরু থেকেই সাহিত্য ও সঙ্গীতের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।
দ্রোহ ও মানবতার কবি নজরুল তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে জাতিকে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর গান ও কবিতা হয়ে উঠেছিল সংগ্রামের প্রেরণা। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নজরুল বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছেন এবং জাতীয় জীবনে অসাম্প্রদায়িক মূল্যবোধের ভিত্তি স্থাপন করেছেন।
কবির প্রেমময় রূপও ছিল বিস্ময়কর। বিদ্রোহের পাশাপাশি প্রেমিক হিসেবে তিনি ছিলেন অসাধারণ। তাঁর লেখনীতে ভালোবাসা, মানবতা ও সাম্যের মিলন ঘটে গভীর আবেগে। তাই তিনি নিজেই লিখেছিলেন— “আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।”
বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন এবং ধানমণ্ডিতে তাঁর জন্য একটি বাড়ি বরাদ্দ দেন। কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।
আজকের দিনটি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মহান এই কবিকে, যাঁর সাহিত্য, সঙ্গীত ও আদর্শ এখনও জাতিকে পথ দেখিয়ে চলেছে।





