মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাচ্ছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করার পর জাতীয় স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে মানুষের উপস্থিতিতে শহীদ বেদী ফুলে ফুলে ভরে ওঠে।
দিনের প্রথম প্রহরে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সরকারসহ রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।





