গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীনও ঘটেনি, অথচ বর্তমান সরকারের আমলে তা ঘটেছে।

রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নূরকে দেখতে আসার সময় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার চেষ্টা চলছে, কারণ রিফাইন্ড আওয়ামী লীগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “জাতীয় পার্টি একটি সুস্পষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। আমরা দেখেছি, পূর্বে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “ভারত থেকে আনা প্রেসক্রিপশন ব্যবহার করে দেশে একটি কৃত্রিম সংসদ তৈরি করা হয়েছে এবং কৃত্রিম গণতন্ত্র প্রদর্শন করা হয়েছে। যদি এই চিহ্নিত ফ্যাসিবাদীদের সমর্থন দেওয়া হয়, তা সরকার বা জনগণের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দাঁড়াবে বলে আমরা আশা করি।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে তিনি জানান, সরকার এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি। তবে ইতিমধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হয়েছে এবং আজও মাননীয় প্রধান উপদেষ্টা কিছু রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।