জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর সরাসরি পাকিস্তানকে আক্রমণ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার মূল উৎস একটাই দেশ, যা পেহেলগামে সাম্প্রতিক হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে, যেখানে ২৬ নিরীহ পর্যটক নিহত হয়েছেন। খবর এনডিটিভির।


জয়শঙ্কর আরও বলেন, “যখন কোনো দেশ সন্ত্রাসকে রাষ্ট্রনীতি হিসেবে ঘোষণা করে, সন্ত্রাসী ঘাঁটি শিল্পায়িত আকারে পরিচালনা করে এবং সন্ত্রাসীদের প্রকাশ্যে প্রশংসা করে, তখন এমন কার্যকলাপের স্পষ্ট নিন্দা জরুরি।”


তিনি পাকিস্তানকে ‘বিশ্ব সন্ত্রাসের কেন্দ্রবিন্দু’ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় ধরে পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার পেছনে দায়ী। সন্ত্রাসকে অর্থায়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরো ইকোসিস্টেমের ওপর চাপ প্রয়োগ করতে হবে।


জয়শঙ্কর ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপ যেমন অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে জানান, ভারত তার নাগরিকদের সুরক্ষায় সচেষ্ট এবং সন্ত্রাসে জড়িতদের কঠোর শাস্তি প্রদান করেছে।


\r\n\r\n\r\n\r\n

এর কিছুক্ষণ আগে ভারতের কূটনীতিক পেটাল গাহলটও পাকিস্তানকে নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসকে প্রশংসা করেছেন। তিনি বলেন, পাকিস্তান যদি ধ্বংস হওয়া রানওয়ে ও পোড়া হ্যাংগারকে বিজয় মনে করে, তাদের সেই আনন্দ উপভোগ করতে দেওয়া উচিত।