জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন করেন। তবে রিটে কোন যুক্তি দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি।

৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পদে মোট ১৭৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয় দফায় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই শিক্ষার্থী বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক সংঘর্ষের পর জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন। এরপর থেকে আর কোনো নির্বাচন হয়নি।

আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা কয়েকজন শিক্ষার্থীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিলের পর আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করে দেয়। ফলে পূর্বনির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।