জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর কার্যকরী সদস্য পদে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীরা সমস্যায় পড়েন।

অভিযোগ অনুযায়ী, ওই পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার কথা উল্লেখ ছিল। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদেরও বুঝিয়ে বলা হয়েছে, তারা যেন নিয়ম মেনে তিনজন প্রার্থীকে ভোট দেন।”

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এতে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।