ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ও জোট সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবাদ সম্মেলনে আট দলের শীর্ষ নেতারা আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। পাশাপাশি জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং নির্বাচনী অবস্থান নিয়েও বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের এই জোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এর আগে দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সমঝোতার কথা জানিয়েছিল। একই সঙ্গে নতুন করে আরও কয়েকটি দল জোটে যুক্ত হতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে।

বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও চারটি দলকে যুক্ত করার বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে—আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টি। এছাড়া আরও এক বা দুইটি দল যুক্ত হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

তবে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে এনসিপির ভেতরে মতভেদ দেখা দিয়েছে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ একাধিক নেতা ইতোমধ্যে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে নির্বাচনপূর্ব পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং ভোটের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দল রাজপথে কর্মসূচি পালন করে আসছে।

বর্তমানে আট দলীয় জোটে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।