প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে দালালচক্র। তাদের প্রতারণার কারণে বিদেশগামী কর্মীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াই দালালদের দখলে। পদে পদে প্রতারণার শিকার হয়ে সাধারণ মানুষ সর্বস্ব হারাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে শক্তিশালী ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে এখন তরুণ জনশক্তির ঘাটতি রয়েছে, অথচ বাংলাদেশে রয়েছে বিপুল তারুণ্য—যা সোনার চেয়েও মূল্যবান সম্পদ। এত তরুণ জনশক্তি পৃথিবীর আর কোথাও নেই, ফলে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত বড়।
জাপান সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন। তবে বাস্তবে তারা বাংলাদেশ থেকে মাত্র দুই হাজার কর্মী নিয়েছে, যেখানে নেপাল থেকে নিয়েছে সাত হাজার। বিষয়টি বিস্ময়কর উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় ভাষা প্রশিক্ষণ দিলে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী পাঠানো সম্ভব।
ড. ইউনূস আরও বলেন, জাপানের অনেক শহরে চালক সংকটে ট্যাক্সি চলাচল বন্ধ হয়ে গেছে, বিস্তীর্ণ জমি পড়ে আছে জনশূন্য। এসব জায়গায় চাষাবাদ ও বিভিন্ন কার্যক্রম চালাতে তারা বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী। সঠিক পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।





