ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ।

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এই জরিপের ফলাফল সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উপস্থাপন করা হয়। জরিপের ফল প্রকাশ করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

তিনি জানান, দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন তারা জামায়াতে ইসলামিকে ভোট দেবেন। এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

‘কোন দল সরকার গঠন করবে’—এই প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। এক শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে।

এছাড়া ‘আগামী নির্বাচনে কে জিতবে’—এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হবে। এনসিপির জয়ের সম্ভাবনা দেখেছেন ১ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা। এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছেন।

জরিপে আরও জানতে চাওয়া হয়, গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল। উত্তরে ৩৫ শতাংশ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ বলেন তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। জামায়াতে ইসলামিকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।