সিরাজগঞ্জের চৌহালীতে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নৌযান শ্রমিক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ২৬ইং) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আমরা নৌযান শ্রমিক ও কর্মচারীরা আজ নিরুপায় হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মহোদয়ের সরণাপন্ন হয়েছি। আমরা নৌযান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি ভাবে ইজারাকৃত বালুমহল হতে বালু ক্রয় করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের জন্য বালু সরবরাহ করে থাকি। কিন্তু অতিদুঃখের সহিত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নিকট জানাচ্ছি, বালু পরিবহন কাজের নিয়োজিত বাল্কহেডগুলো চৌহালীর জোতদাড়া ঘাট যাতায়াত করার সময় কিছু অসাধু ব্যক্তি, চাঁদাবাজ তাদের হীন স্বার্থসিদ্ধির জন্য বাল্কহেডগুলো গতিরোধ করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বাল্কহেডগুলো গতিরোধ করে আটকিয়ে রাখে। বাল্কহেডের কর্মচারীদের থেকে নগদ অর্থ, মোবাইল ফোন জোড় করে ছিনিয়ে নেয়। নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর বালু পরিবহনকৃত ব্লাকহেডে অগ্নিসংযোগ করে।
বাল্কহেডের মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাল্কহেডের কর্মচারী সুজন সেখ, আল আমিন সেখ, বাবলু সেখ প্রমুখ।
মানববন্ধনে শেষে নৌযান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহন করে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম নৌযানে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে অতিদ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন।





