জাবি প্রতিনিধি:
ছাত্রলীগ নেতার অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘লালন সন্ধ্যা’ আয়োজনের অভিযোগ উঠেছে জাকসুর নেতৃবৃন্দের বিরুদ্ধে।
গত ২৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এই লালন সন্ধ্যার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই লালন সন্ধ্যা আয়োজনের জন্য ‘লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি এডমিশন কোচিং’ এর কাছ থেকে ৭০০০০ টাকা আনা হয়। এই কোচিংয়ের মালিক খন্দকার মামুন রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। টাকা নিয়ে প্রথমে প্রোগ্রামের ব্যানারে ‘লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি এডমিশন কোচিং’ এর নাম থাকলেও পরবর্তীতে বিতর্কের মুখে ব্যানার থেকে ওই কোচিং সেন্টারের নাম সরানো হয়।
এই ঘটনার জের ধরে সেই প্রোগ্রামে অনুপস্থিত ছিলো জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সমাজ সেবা সম্পাদক আহসান লাবিব। তবে এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “আমি ব্যক্তিগত কারণে সেদিন উপস্থিত ছিলাম না।”
এ বিষয়ে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ (শেখ জিসান আহমেদ) বলেন, “আমাদের তো জাকসুর কোনো তহবিল নাই। সেজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ফান্ডিং নেওয়ার চেষ্টা করেছি। ফান্ডিং নেওয়ার সময় আমরা তো জানি না যে প্রতিষ্ঠানের প্রধান কোন দলের বা কোন পন্থী। জানতে পারলে আমরা সেগুলো পরিহার করার চেষ্টা করি।”





