বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে—শুক্রবার (৩০ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা না থাকায় গুজবটির সত্যতা নিয়ে দেখা দেয় সংশয়।
\r\nবিষয়টি জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “রাকিব ভাই অসুস্থ থাকায় আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। তার পদচ্যুতির যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি এখনও ছাত্রদলের সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন।”
\r\nএদিকে দলীয় কর্মসূচিতে রাকিবুল ইসলামের অনুপস্থিতিকে কেন্দ্র করেই গুজবটি ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
\r\nরাকিবুল ইসলাম রাকিব ১৯৮৮ সালে ময়মনসিংহ জেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্বারি ছাইর উদ্দিন এবং মাতা মোছা. ফিরোজা বেগম। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি চতুর্থ। বর্তমানে তার পরিবার ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করে।
\r\nরাকিব কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০০৩ সালে নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি এবং ২০০৫ সালে শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন।
\r\nছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
\r\nদলীয় সূত্র বলছে, রাকিবুল ইসলাম রাকিবের পদ নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিমূলক।





