নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি : “মাদককে না বলুন, খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ছাতিয়ান তরুণ সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ।

ফাইনালে চ্যাম্পিয়ন হয় গোল্ডেন সিটি একাদশ। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান খান। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নূর আলম ভূইয়া, মোঃ ওসমান গনি, মোঃ আজিম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আয়োজক কমিটির সদস্য মোঃ শাহিন আলম, শাইনুল ইসলাম সয়ন, তামিম আহমেদ, আশিকুর রহমান ও অন্যান্যদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই আয়োজনকে ঘিরে ছাতিয়ান ও আশপাশের এলাকায় ছিল ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আবহ। স্থানীয়দের দাবি, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এমন ক্রীড়া আয়োজন যেন প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।