বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আজ দেশে চলছে ‘মবোক্রেসির’ রাজত্ব। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মবোক্রেসি।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তাদের পরিচয় জানা দরকার। কেন তারা এমন করছে? এই ‘দুই কেন’-এর জবাব হচ্ছে—সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের চরম ব্যর্থতা।”

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, “৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের গঠনের সময় থেকেই আমরা শুভকামনা জানিয়েছি, সহযোগিতাও করেছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে—ইচ্ছাকৃতভাবে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

তিনি বলেন, “কারা এই ষড়যন্ত্র করছে? কারা চায় ফ্যাসিবাদ আবার ফিরে আসুক? আমরা জানি—তারা সেইসব অপশক্তি, যারা গণঅভ্যুত্থানের চেতনা ও শক্তিকে কলঙ্কিত করতে চায়, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়।”

সমাবেশে তিনি যুবদলসহ দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐতিহ্যবাহী গণতান্ত্রিক শক্তিকে আরও দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে।”