রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চেন্নাই ও দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারলাইনসের দুটি ফ্লাইট বিকল্প হিসেবে কলকাতায় অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
আগুনের ঘটনায় বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ৩টি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে ফায়ার সার্ভিসের আধুনিক স্বয়ংক্রিয় সরঞ্জাম। পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী ও বেবিচকের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। এ পর্যন্ত অন্তত ৭ জন কর্মী আগুন নেভানোর সময় আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়লে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।





