চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।আটক গাজী জাহিদ হাসান পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মো.নুরুল ইসলামের ছেলে।

রবিবার (২৮)ডিসেম্বর ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে জীবননগর মডেল মসজিদের পাশে গাজী জাহিদ হাসানের মালিকানাধীন সাইকেলের শোরুমে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালপত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড এবং একটি ব্যাটন। 

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।