পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণকে দুটি গুরুত্বপূর্ণ ভোট দিতে হবে—একটি জাতীয় সংসদ নির্বাচনে এবং অন্যটি গণভোটে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বড় সিদ্ধান্ত।
রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে আয়োজিত ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ নির্বাচনে কাকে ভোট দেওয়া হবে, সে বিষয়ে জনগণকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, যেন পরবর্তীতে অনুশোচনার সুযোগ না থাকে। একই দিনে অনুষ্ঠিত গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে গণভোটে তার প্রতিফলন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আসতে হবে। এই সুযোগ অবহেলায় হারালে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সম্ভাবনা দীর্ঘ সময়ের জন্য নষ্ট হয়ে যেতে পারে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া সংস্কারসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে জনগণকে মতামত প্রকাশ করতে হবে। তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার পর শুধু সন্তুষ্ট হয়ে বসে থাকলে চলবে না। অতীতের আন্দোলনের অর্জন যেন বৃথা না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ভয়কে জয় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্রের ভিত্তি গড়ে উঠেছে, আর তার প্রতিফলন ঘটাতে হবে ১২ ফেব্রুয়ারির ভোটে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।





