গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেতপুর গ্রামে চা না খাওয়ায় দোকানদার শাহজাহান মিয়া রাস্তা বন্ধ করে দেওয়ায় ৫ শতাধিক মানুষ চলাচলে সমস্যার মুখে পড়েছেন। ঘটনা ঘটেছে সোমবার (২৫ অক্টোবর) সকালে।
স্থানীয়দের অভিযোগ, শাহজাহান মিয়া নিজের জায়গার রাস্তা ও পাশের জমিতে গর্ত খুঁড়ে বাঁশ ও কাঁটা দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে গ্রামের বাসিন্দারা ঘরে যানবাহন রেখে রাস্তার পাশ দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন। কেউ কেউ বাইসাইকেল হাতে করে বা ঘাড়ে তুলে রাস্তার গর্ত পার হচ্ছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভয়ে গর্ত পারাপার হচ্ছেন।
ভুক্তভোগী জহুরুল বলেন, “সামান্য চা না খাওয়াকে কেন্দ্র করে তিন দিন ধরে আমরা চলাচল করতে পারছি না। এই রাস্তা দিয়ে চলাচল করি ৫০ বছর ধরে।”
অটোরিকশাচালক হামিদ জানান, “অটোভ্যান ও মোটরসাইকেল দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। দ্রুত রাস্তাটি খোলা এবং দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
শিক্ষার্থী রাসেল বলেন, “স্কুলে যাওয়া দুষ্কর হয়ে গেছে। দ্রুত রাস্তাটি ঠিক করা হোক।”
বৃদ্ধা নারীরা অভিযোগ করেছেন, “ঠিকভাবে রাস্তা পার হতে পারছি না, খুব কষ্টে আছি।”
ঘটনাস্থলে গেলে দেখা যায়, দোকান বন্ধ করে শাহজাহান মিয়া উধাও হয়ে গেছেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, “জমির মালিককে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। দ্রুত সমস্যাটি সমাধান হবে বলে আশা করছি।”





