জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, আইনজীবী সমিতি এবং নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


সভায় সভাপতিত্ব করেন চেম্বারের বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মণ্ডল। বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, চেম্বারের সাবেক সভাপতি ও শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমিন ফকির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আমিনুল বারী, চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান এবং চেম্বারের সদস্য মাহবুব-ই-এলাহিসহ অনেকে।


বক্তারা বলেন, ৪০ বছর ধরে জয়পুরহাট চেম্বার অব কমার্স জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জেলা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।


সভায় গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের মতামত এবং ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ উদ্যোক্তা উন্নয়ন, শিল্প কারখানায় বিনিয়োগ বৃদ্ধি, পণ্য পরিবহন সহজীকরণ এবং ব্যবসায়ীদের সেবা ডিজিটালাইজেশনের মতো বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়।


\r\n\r\n\r\n\r\n

সভা শেষে বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নতুন কমিটির প্রতি সহযোগিতার প্রত্যাশা জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।