রাজধানীর চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রায় ঘোষণার পর সোমবার (২৬ জানুয়ারি) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আপিল করার ঘোষণা দেন।
তিনি বলেন, যাদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে, তাদের কয়েকজনকে সীমিত সাজা দেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
চিফ প্রসিকিউটর জানান, কনস্টেবল সুজন গুলি করার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে তিনি ঊর্ধ্বতনের নির্দেশ পালন করেছেন বিবেচনায় আদালত তাকে সীমিত সাজা দিয়েছেন। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
তাজুল ইসলাম বলেন, এই রায় একটি স্পষ্ট বার্তা দেয়—কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য নন। এমন নির্দেশ মানলে আদালতে দায় এড়ানোর সুযোগ থাকবে না।
উল্লেখ্য, চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুলকে মৃত্যুদণ্ড দেন।
এ ছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক ওসি মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ রায় ঘোষণা করেন।





