চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে এ কার্যক্রম চলবে।


নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বুধবার সন্ধ্যায় জানান, ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে চাকসুর বিভিন্ন পদে মোট ৫২৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন বিতরণ শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা একদিন বাড়ানো হয়।


হল ও হোস্টেল সংসদে অংশ নেওয়ার জন্যও বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। মোট ১৪টি হল ও একটি হোস্টেলের বিভিন্ন পদে ৬৩৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সোহরাওয়ার্দী হলে সর্বাধিক ৮৩ জন এবং নবাব ফয়জুন্নেসা হলে সর্বনিম্ন ১৫ জন মনোনয়ন নিয়েছেন।


এদিকে এখন পর্যন্ত জমা পড়েছে ২৪৬টি মনোনয়নপত্র। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে শাহ আমানত হলে ২৭ জন, শাহজালাল হলে ২৬ জন এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, আলাওল হলে মাত্র ৪ জন এবং শহীদ ফারহাদ হোসেন হলে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।