চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই ১০টি প্যানেলের ঘোষণা এসেছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আজ রোববার।

চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভিপি, জিএস ও এজিএস পদের প্রত্যেকটিতেই ২০-এর বেশি প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, ভিপি পদে ২৫ জন, জিএস ও এজিএস পদে ২২ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ জন, দফতর সম্পাদক পদে ১৮ জন, সহদফতর সম্পাদক পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারীদের জন্য সংরক্ষিত ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন ও সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২১ জন এবং নির্বাহী সদস্যের ৫টি পদে ৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মোট এক হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৩৩ জন তা জমা দেননি।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, বুধবার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষ হবে, এবং বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ২৭ হাজার ভোটার ওই দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।