চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে সংগঠনটি কোনো প্যানেল দিচ্ছে না। তবে ব্যক্তিগতভাবে কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছে বাগছাস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন বাগছাসের চবি শাখার সদস্য সচিব আল মাশনূন।
তিনি বলেন, “আমরা সংগঠনগতভাবে চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো সদস্য এককভাবে প্রার্থী হতে চাইলে সে স্বাধীন।” সিদ্ধান্তের বিস্তারিত কারণ পরে জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে আজই শেষ হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হয়েছে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি এবং প্রতিটি হল সংসদের ১৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৬৩৪ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।





