চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম এবং হাফেজ গোলাম রাব্বানীসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। শান্তি মোড়ের মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। বড়ইন্দারা মোড়ের মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদে উল্লিখিত ধারাগুলো বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মী ও সাধারণ জনগণ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।