চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহুড়া গ্রামের বিএনপি নেতা মো. মতিউর রহমানসহ ২৮ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সহযোগী ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আহসান হাবীব, নায়েবে আমীর আলহাজ্ব মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাকিল আহমেদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
জামায়তে যোগ দেওয়া নেতাকর্মীরা হলেন- মো. মতিউর রহমান, মো. হযরত আলী, আবু বক্কর, মো. জারজিস আলী, মো. আমিরুল, মো. মশিউর রহমান, মো. রবিউল, আলী হাসান, মো. আশরাফুল, আবুল সাত্তার, মো. লিটন, মো. কাজল আলী, মো. শামীম আলী, মো. মেহেদী হাসান, কামাল উদ্দিন, মো. মামুন, মো. মনিব, মো. বকুল, মোতাহার, মো. একরামুল, মো. মকুল, মো. জিল্লু চেনু, মো. ইউনুস ও মো. সেলিমসহ আরও অনেকে।
বিএনপি থেকে জামায়াতে যোগদান করা মতিউর রহমান বলেন, আমি আগে বিএনপি করতাম, তবে এখন জামায়াতে ইসলামীতে যোগদানের ইচ্ছে পোষণ করেছি। আমার আত্মীয়স্বজনদের বললে তারাও আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ইউনিয়ন আমীর আহসান হাবীব জানান, আমাদের দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে আমরা তাদের আহ্বান জানাই। তারই প্রেক্ষিতে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। আগামীতে তারা জামায়াতের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এবিষয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মতিউর রহমানের নেতৃত্বে কয়েকজন জামায়াতে যোগ দিয়েছেন বলে শুনেছি। মতিউর রহমান ও তার সাথে যোগ দেওয়া ব্যাক্তিদের বিএনপিতে কোনো পদ-পদবী ছিল না। তারা আমাদের মিটিং ও মিছিলে আসতো। বিএনপির ভোটার বলতে পারেন। গতকালও সে (মতিউর) আমাদের সাথে মিটিং করেছিল, কিন্তু আজ হঠাৎ শুনছি সে নাকি জামায়াতে যোগ দিয়েছে। সে যাওয়ার কথা না, বিষয়টি আমি খতিয়ে দেখছি।





