চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ৫০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) র্যাব-৫ এ অভিযান চালায়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র জানিয়েছে, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশিকালে ব্যাটারিচালিত ইজিবাইকে আসা তসিকুল ইসলাম (৫৫)কে আটক করা হয়। পরে ইজিবাইকের টুলবক্স তল্লাশি করে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম স্বীকার করেন যে, তিনি এটি গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫)-এর কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তার তথ্য অনুযায়ী র্যাবের আরেকটি দল জসিম উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বসতবাড়ির ডাইনিং রুমের পাশে বাথরুমের ফলস সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা অবস্থায় আরও ২০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





