চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নেতাকে ছাত্রদলের নেতা হিসেবে দেখিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে জেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। বহিষ্কৃতদের একজন হিসেবে মো. মুন্নার নাম উল্লেখ করা হয়।
জসিম উদ্দিনের দাবি, মো. মুন্না ছাত্রদলের কোনো কমিটির সদস্য নন। তিনি স্থানীয় বিএনপির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবুও তাকে ছাত্রদলের নেতা হিসেবে দেখিয়ে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে, যা বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, মুন্না ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধেও কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তাই বিষয়টি দ্রুত স্পষ্ট করা প্রয়োজন।
এ বিষয়ে বিএনপি নেতা মো. মুন্না বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে এবং তিনি ছয়বার কারাভোগ করেছেন। তিনি গুম ও নির্যাতনেরও শিকার হয়েছেন বলে দাবি করেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, মুন্না জমিজমা বিক্রি করে রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





