চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভায় বিএনপির ২৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 ৩১ জানুয়ারি শনিবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আঃ সামাদ কলেজ মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। 
জনসভায় উপস্থিত হয়ে নতুন  যোগদানকারী  বিএনপির সকল নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। 
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমানসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, আজ সুন্দরপুর ইউনিয়নের যেসব নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন, তারা আজ থেকে আমাদের হয়ে গেলেন। আপনারা যেমন আমাদের হলেন, আমরাও আপনাদের হলাম। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

নতুন যোগদানকারী বিএনপি নেতাকর্মীরা বলেন, আমরা এতদিন বিএনপিতে থেকে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। নাচতে নাচতে প্রোগ্রামে গিয়েছি,  স্যান্ডেল কিন্তু কোনো মর্যাদাও দেওয়া হয়নি। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।