দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বহিষ্কৃতরা হলেন—মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে প্রথমে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে সংশোধনের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মান্নান হোসেন শাহীন ও জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত দখল ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া মান্নান শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী বলেও অভিযোগ আছে।





