রাজধানীর বনানী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।


এদিন মোজাম্মেল বাবুকে পুলিশ বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা, বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।


শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মোজাম্মেল বাবুর নেতৃত্বে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। তারা জোরপূর্বক সাড়ে চার লাখ টাকা নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।


শুনানি শেষে বিচারক মোজাম্মেল বাবুকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।


এর আগে ১৭ সেপ্টেম্বর, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকেই তিনি কারাবন্দি।


চলতি বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের প্রতিনিধি চৌধুরী মো. হুমায়ুন কবির বনানী থানায় মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়, ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে গিয়ে তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার হতে চাপ দেন। একপর্যায়ে তিন লাখ টাকার শেয়ারের ফরমে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে এবং আলমারি থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে চলে যান।