ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন আইনজীবী সমিতির উদ্যোগে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন সমিতির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর, অ্যাডভোকেট লিটন হাওলাদার, অ্যাডভোকেট নাবিল সরমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ উদ্দিন, অ্যাডভোকেট রায়হান, অ্যাডভোকেট জাভেদ করিম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন মাতাব্বর, অ্যাডভোকেট জুবায়েরসহ আইনজীবী সমিতির সদস্য ও আইনজীবী সহকারীরা।
বক্তারা জানান, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় শেষে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ারকে একটি জিআর মামলায় গ্রেফতার করে দুলারহাট থানা পুলিশ। পরে তার সহযোগীরা অ্যাডিশনাল পিপি হিরনকে ফোন করে জামিনের আবেদন করে দেওয়ার অনুরোধ জানায়। তিনি তা প্রত্যাখ্যান করলে দুপুরের কিছু পর সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণ ও তার চেম্বারে ঢুকে মারধর চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ হামলা “ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি সরাসরি চ্যালেঞ্জ।” একজন আইনজীবীর ওপর বর্বরোচিত আক্রমণ বিচারব্যবস্থাকে আতঙ্কে রাখার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





