চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের সশস্ত্র হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে উসকানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (৩১ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা এবং দলের নির্দেশনা অমান্য করার অভিযোগে উদয় কুসুম বড়ুয়াকে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সূত্রপাত হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।





