চট্টগ্রামের বাঁশখালীতে দলীয় প্রচার চালানোর সময় হামলা ও মারধরের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, শনিবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির নেতা–কর্মীরা জলদি এলাকায় তাদের প্রচারণায় বাধা দিয়ে ব্যানার কেড়ে নেন ও এক সংগঠককে মারধর করেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেন। তিনি আহত সংগঠক তানভির শিকদারের রক্তাক্ত মাথার একটি ছবিও পোস্টে যুক্ত করেছেন।

ইমন সৈয়দ  জানান, “জুলাই পদযাত্রা ঘিরে আমরা প্রচার চালাচ্ছিলাম। হঠাৎ বিএনপির নেতা–কর্মীরা এসে ব্যানার ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে আমাদের সংগঠক তানভির শিকদারকে মারধর করা হয়।”

আহত তানভির শিকদার অভিযোগ করে বলেন, “চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর অনুসারীরা ব্যানার ছিঁড়ে ফেলে এবং আমাকে মারধর করে। মাথা ফেটে যায়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিই।”

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন লিয়াকত আলী। তিনি  বলেন, “আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনায় জড়িত নয়। আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করে বাড়ি ফিরেছি। এটি একটি পরিকল্পিত মিথ্যাচার, বিএনপির বিরুদ্ধে সারা দেশে যেভাবে অপপ্রচার চলছে, এটি তারই অংশ।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। ঘটেছে কি না, তা নিশ্চিত হতে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।