রাজধানীর মুগদায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে মুগদা নাগরিক কমিটি। শনিবার (১৭ জানুয়ারি) মুগদা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে গ্যাস সংকট নিরসনের দাবি জানানো হয়।


মানববন্ধনে মুগদা থানা নাগরিক কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আলী কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দীন ফারুকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের, মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে দেশ বারবার সংকটে পড়ছে। বর্তমানে সারা দেশে যে গ্যাস সংকট দেখা দিয়েছে, তা একটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। সরকারে ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের কারণে এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।


তিনি আরও বলেন, ক্ষমতার লড়াইয়ে কিছু রাজনৈতিক নেতা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। চাঁদাবাজির জন্য নিজেদের নেতাকর্মী ও ব্যবসায়ীদের হত্যার ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।


গণভোট প্রসঙ্গে কবির আহমেদ বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ জয়ী হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। তিনি চব্বিশের গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব হত্যা, খুন ও গুমের বিচার নিশ্চিত করার দাবি জানান।