বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনো সেই একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ হিসেবে আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে বিরোধী, এবং তারা এখনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার অন্তর্ভুক্ত। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, হীন স্বার্থের কারণে দেশকে বিভক্ত করে মানুষকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রোধ করার আহ্বান জানান।
সংবাদ লোড হচ্ছে...





