চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-২১৯–এর কাছে সিরামের দাড়া বিলে মাছ ধরার সময় বাংলাদেশ জলসীমায় প্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।


\r\n

বৃহস্পতিবার সকালে ১৬ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে ভারতীয় নাগরিক বাচ্চন মোহলদার (৩২) ও রাজু মোহলদার (২০) মাছ ধরছিলেন। এ সময় তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছেন—এমন সন্দেহে দুই বাংলাদেশি জেলে তাদের আটক করে নিয়ে যায়।


\r\n

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিজিবির সদস্যরা কেতাব বাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করেন। এরপর চাড়ালডাংগা বিওপি কমান্ডার ও ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


\r\n

বৈঠক শেষে বিকেল ৫টায় আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।


\r\n

১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।