চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক বিরোধী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বড় ছেলে মেয়েদের বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত  হয়েছে।


সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রহনপুর পুনর্ভবা  মহানন্দা আইডিয়াল কলেজ মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদক বিরোধী খেলাধুলা ও  শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড়, লৌহ গোলক নিক্ষেপ ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল বারিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মাদকবিরোধী সংগঠক সারওয়ার জাহান সুমন,  সাংবাদিক নাহিদ ইসলাম, শফিকুল ইসলাম, আল মামুন প্রমুখ।


খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক এমরান আলী বাবু, রহনপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক ইফতিখার মাসরুর  শুভ, ও কিশোর কমল প্রাইভেট একাডেমির পরিচালক শামসুদ্দিন সামশু।


এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। পুরো টুর্নামেন্ট জুড়ে চলেছে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী ।


এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।