মাহমুদুল হাসান: টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার চরের ভিটা গ্রামে ঘটে এ ঘটনা।
আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানার জামগড়া গ্রামের হাসান হাওলাদারের ছেলে মোঃ হৃদয় (২৩), তৈয়বপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সুমন (২০), ধনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে ফরহাদ (৩০) ও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের হাফিজুর রহমানের বাড়িতে ১২ টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্রিত করা হয়। এর মধ্যে ৮ ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা আটকের পর চারজন থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





