গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে বলে নিশ্চিত করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
তিনি জানান, “গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাবি শাখা ছাত্রশিবির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে। এতে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এদিকে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার বিকেলে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি বলেন, “ব্লকেড সরিয়ে নিন, রাজপথের এক পাশে অবস্থান করুন। লড়াই চলবে।”
এর আগে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছিল। ওই ঘোষণায় বলা হয়, “গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্র হয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।”
প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে বুধবার একাধিকবার হামলার ঘটনা ঘটে, যার জন্য ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সারাদেশেই প্রতিবাদ শুরু হয়।





